আনন্দবাংলা ডেস্ক
আনন্দবাংলা ডেস্ক
আপডেট : রবিবার ২১শে জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আবদুস সাদেক
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব আবদুস সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আবদুস সাদেক ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র এবং দেশের হকি ইতিহাসের অন্যতম পথিকৃৎ। খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও সংগঠক— প্রতিটি ভূমিকায় তিনি অসামান্য দক্ষতা, সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁর দীর্ঘ ক্রীড়া জীবনের অর্জন এবং দেশের খেলাধুলার উন্নয়নে অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক হিসেবে আবদুস সাদেক দেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্বের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণার উৎস। জাতীয় দলের হয়ে তাঁর অসাধারণ পারফরম্যান্স এবং পরবর্তীকালে কোচ হিসেবে তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনন্য।
শোকবার্তায় তিনি আরও বলেন, ক্রীড়া সংগঠক হিসেবে আবদুস সাদেকের দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের হকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হকির অবস্থান সুদৃঢ় করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর প্রচেষ্টা ও নেতৃত্ব দেশের ক্রীড়া ইতিহাসে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্ত্রী বলেন, আবদুস সাদেকের মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, সমগ্র ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মতো নিবেদিতপ্রাণ ক্রীড়া ব্যক্তিত্বের অভাব দীর্ঘদিন অনুভূত হবে। দেশের ক্রীড়া উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিকাশে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।
শোকবার্তার শেষে মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী, সাবেক ও বর্তমান ক্রীড়াবিদসহ দেশের ক্রীড়াঙ্গনের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আবদুস সাদেক বাংলাদেশের হকি অঙ্গনের অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে দেশের ক্রীড়া উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারেও ভূষিত হন।