আনন্দবাংলা ডেস্ক
আনন্দবাংলা ডেস্ক
আপডেট : রবিবার ২১শে জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম এবং মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এক বছরের জন্য ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (২১ জুন) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কাল ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, দর্শন এবং মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক আদর্শ, সাম্যবাদী চিন্তা ও মানবমুক্তির বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সারা দেশে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে কবির জীবন ও কর্মভিত্তিক আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকাশনা কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন আয়োজন অন্তর্ভুক্ত থাকতে পারে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে জাতীয় কবির সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক অবদান নতুনভাবে মূল্যায়নের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের মানবতাবাদ, সাম্য, ন্যায়বিচার ও প্রতিবাদের চেতনাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম তাঁর কবিতা, গান, প্রবন্ধ ও সাহিত্যকর্মের মাধ্যমে বাঙালির জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। ‘নজরুল বর্ষ’ পালনের মাধ্যমে তাঁর বহুমাত্রিক সৃষ্টিকর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।