ক্রীড়াক্ষেত্রে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ক্রীড়াক্ষেত্রে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ক্যাপশন নেই

রাজধানীর বাসাবো মাঠে শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে এবং বিশ্বমঞ্চে দেশের অবস্থান সুদৃঢ় করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (২১ জুন) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নেই নয়, দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশের মাধ্যমে একটি দক্ষ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে মেধা, মনন ও শারীরিক সক্ষমতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজিত এ ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, অভিভাবক এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অংশগ্রহণকারী শিশু ও কিশোর ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য তাদের উৎসাহ প্রদান করেন।