নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ৪ঠা জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে “আপা” বলে সম্বোধন করাকে কেন্দ্র করে বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে ঈদের পরদিন ইউএনও সাধারণ ক্রেতার বেশে মেয়েকে সঙ্গে নিয়ে বনফুলের তাজপুর শাখায় যান। এ সময় কর্মচারী আব্দুল মান্নান তাকে বিভিন্ন পণ্যের তথ্য দেওয়ার সময় “আপা” বলে সম্বোধন করেন। এতে ইউএনও অসন্তুষ্ট হয়ে নিজের পরিচয় প্রকাশ করেন এবং পরে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেন বলে অভিযোগ করা হয়েছে।
কর্মচারী আব্দুল মান্নানের দাবি, তাকে ভয়ভীতি দেখিয়ে একটি কাগজে স্বাক্ষর করানো হয় এবং পরে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, জরিমানার পরিমাণ কমানোর অনুরোধ জানালেও তা বিবেচনায় নেওয়া হয়নি। পরবর্তীতে বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে আনা হয়।
এদিকে বনফুলের তাজপুর শাখার ব্যবস্থাপক সুহেল বড়ুয়া বলেন, কর্মচারী বয়স্ক ও নিরক্ষর হওয়ায় তিনি বুঝতে পারেননি যে ওই ক্রেতাই ইউএনও। এ কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।
তবে বালাগঞ্জ উপজেলার ইউএনও মো. মেহেদী হাসান বলেন, শুধুমাত্র “আপা” বলে সম্বোধন করার কারণে কোনো নির্বাহী কর্মকর্তা জরিমানা করবেন বলে তার মনে হয় না। তার মতে, অন্য কোনো অনিয়মের ভিত্তিতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।
এ বিষয়ে ওসমানীনগরের ইউএনও মুনমুন নাহার আশার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।