;

সারাদেশে উদযাপিত হল ঈদুল আজহা

সারাদেশে উদযাপিত হল ঈদুল আজহা

ছবি সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঈদ উদযাপন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় শুরু হয় পশু কোরবানির কার্যক্রম। রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনের ব্যস্ততা দেখা গেছে। একই চিত্র দেখা গেছে দেশের জেলা ও উপজেলা পর্যায়েও।

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। আবহাওয়া প্রতিকূল হলে জামাত স্থানান্তর করা হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায়। সেখানে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা শহর, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ (কিশোরগঞ্জ) এবং দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানেও বৃহৎ জামাত অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছেন হাজারো মুসল্লি। প্রতিটি এলাকার মসজিদ ও ঈদগাহে একাধিক জামাতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করা হচ্ছে, যা ধর্মীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির চিত্রকে আরও সমৃদ্ধ করছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক বাণীতে তিনি কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তা’য়ালার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আবারও আমাদের সামনে সমাগত। মহান আল্লাহর নির্দেশ পালনে হযরত ইবরাহিম (আ.) তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে আত্মসমর্পণ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য।

প্রধানমন্ত্রী বলেন, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে তার কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে।

যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, তাদের প্রতি অসচ্ছল মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং পশুর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কারের ক্ষেত্রেও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করার পাশাপাশি নিজেদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এরপর শুরু হয় মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির আনুষ্ঠানিকতা। ইসলামি বিধান অনুযায়ী, সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি ওয়াজিব। কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে আত্মীয়স্বজন, দরিদ্র ও নিজের পরিবারের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া হয়।

কোরবানির প্রসঙ্গে আল-কুরআনে বলা হয়েছে—

“তাদের (কোরবানির পশুর) গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।” (সূরা আল-হজ, আয়াত ৩৭)

কোরবানি সম্পর্কে একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।” (ইবনে মাজাহ)

কোরআন ও হাদিসের আলোকে স্পষ্ট হয়, কোরবানির মূল উদ্দেশ্য পশু জবাই নয়; বরং আল্লাহর প্রতি তাকওয়া, আত্মত্যাগ ও আনুগত্যের প্রকাশ। সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি থেকে বিরত থাকা দায়িত্বে অবহেলার শামিল।

সার্বিকভাবে কোরবানি মুসলমানদের জন্য আত্মত্যাগের শিক্ষা বহন করে। এর মাধ্যমে সমাজে সাম্য, সহমর্মিতা এবং দায়িত্ববোধ প্রতিষ্ঠিত হয়। দেশে সাধারণত গরু, ছাগল ও মহিষ কোরবানি দেওয়া হলেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ভেড়া, দুম্বা ও উট কোরবানির প্রচলন রয়েছে।