নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ৭ই জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রায় দুই মাস দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে বোর্ডের নেতৃত্বে এলেন তিনি।
রোববার (৭ জুন) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন তামিম। পরে পরিচালকদের সমর্থনে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সভাপতি পদে তামিম ইকবালই একমাত্র প্রার্থী হওয়ায় এ পদে কোনো ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এদিকে বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী।
নির্বাচনে বিজয়ী পরিচালকরা হলেন— তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
ভোটের হিসাবে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পান। সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু পান ৭২ ভোট করে। মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির পান ৬৮ ভোট।
এছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬ ভোট করে, আসিফ রাব্বানি ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যদিকে, ক্লাব ক্যাটাগরির নির্বাচনে পরাজিত চার প্রার্থী হলেন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন এবং সৈয়দ বোরহানুল হোসেন।
এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো, যার নেতৃত্বে থাকছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল।