;

ইরানে ফের মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা

ইরানে ফের মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা

ছবি: সংগৃহীত

ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পরপরই দেশটির বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দরনগরী আব্বাসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ‘অযাচিত ও অব্যাহত আগ্রাসনের’ জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। সংস্থাটি এই অভিযানে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, মার্কিন হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো নৌযান প্রণালিটি অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।