চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দিনব্যাপী আইনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দিনব্যাপী আইনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সরকারি সম্পত্তি রক্ষা এবং মামলায় সরকারের পক্ষে রায় নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার মূল বিষয়বস্তু ছিল ‘মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন, এস এফ (স্টেটমেন্ট অব ফ্যাক্ট/লিখিত জবাব) লেখার কৌশল এবং করণীয়’

মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

উদ্বোধনী বক্তব্যে তথ্য সচিব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন:

"যথাযথ আইনি প্রক্রিয়া এবং স্টেটমেন্ট অব ফ্যাক্ট বা লিখিত জবাব সঠিকভাবে লিখতে না জানার কারণে অনেক সময় যথেষ্ট ‘গ্রাউন্ড’ থাকা সত্ত্বেও সরকার মামলায় হেরে যায়। সরকারি মামলা ও সম্পত্তিকে নিজের মনে করে রক্ষণাবেক্ষণ ও আদালতে আইনি লড়াই করতে হবে, তবেই সরকারের পক্ষে জয় আনা সম্ভব।"

তিনি আরও উল্লেখ করেন যে, আইন হুবহু মুখস্থ রাখার প্রয়োজন নেই, তবে প্রয়োজনীয় আইনটি কোথায় আছে, এর মূল বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট অফিসিয়াল বিধি-বিধান সম্পর্কে কর্মকর্তাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এই প্রশিক্ষণ মাঠপর্যায়ের কর্মকর্তাদের মামলার আরজি ও জবাব লিখন এবং আদালতে সাক্ষ্যদানের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন:

  • মো. শাহ আলম, অতিরিক্ত সচিব (উন্নয়ন), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
  • ড. মো. আলম মোস্তফা, যুগ্মসচিব।
  • মাসুদ পারভেজ, আইন কর্মকর্তা এবং জেলা ও দায়রা জজ।

উক্ত কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বিভাগের তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের পদস্থ কর্মকর্তাগণ অংশ নেন।