আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ২৩শে জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
রেকর্ডবুক যেন একাই নিজের দখলে নেওয়ার মিশনে নেমেছেন ভারতের ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। মাত্র ১১ বলে ফিফটি পূর্ণ করে তিনি গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড।
ম্যাচের শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হন বৈভব। তার বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা ছিল স্পষ্ট—ফিফটি করা প্রথম ১১ বলের মধ্যে ১০টিতেই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি, যার মধ্যে ছিল ৫টি বিশাল ছক্কা। পুরো ইনিংসে ডট বল খেলেছেন মাত্র একটি।
দ্রুততম ফিফটির পর সেঞ্চুরির দিকেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিলেন এই কিশোর। তবে সাহান আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দিয়ে শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে থামেন তিনি। এই বিধ্বংসী ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা। গ্রুপ পর্বে পাঁচবার ব্যাট করে সুবিধা করতে না পারা বৈভব যেন এই ফাইনালের মঞ্চেই তার আসল সামর্থ্যের জানান দিলেন।
উল্লেখ্য, এই সিরিজের আগের এক ম্যাচে শ্রীলঙ্কার বিশেন হালাম্বাগেকে ধাক্কা দেওয়ার ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছিলেন বৈভব। সেই তিক্ত অভিজ্ঞতার পর ব্যাট হাতে লঙ্কান বোলারদের ওপর যেন দারুণভাবে প্রতিশোধই নিলেন প্রতিভাবান এই ব্যাটার।