আনন্দবাংলা
আনন্দবাংলা
আপডেট : সোমবার ২২শে জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ঢাকা, ২২ জুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ও দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরসহ দেশের ছয়টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল-সমাবেশের প্রস্তুতির তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আইনের আওতায় সেনা সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের কোথাও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৫ জুন সারা দেশ থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান মোতায়েন আগের পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়; এটি সম্পূর্ণরূপে সতর্কতামূলক ব্যবস্থা। কোন জেলাগুলোতে অপতৎপরতার ঝুঁকি বেশি, সে বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কিছু মহল সক্রিয় রয়েছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ নামে বর্তমানে কোনো সংগঠন নেই।”