আনন্দবাংলা
আনন্দবাংলা
আপডেট : সোমবার ২২শে জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
‘আর্জেন্টিনা নামটি উচ্চারিত হলেই সবার আগে আসে লিওনেল মেসির নাম। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নামার আগে অধিকাংশ প্রতিপক্ষের কৌশলের কেন্দ্রবিন্দুতে থাকেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে অস্ট্রিয়ার প্রধান কোচ রালফ রাংনিক মনে করেন, শুধু মেসিকে ঘিরে পরিকল্পনা করলেই হবে না; কারণ আর্জেন্টিনা দলটি তারকায় ভরপুর এবং তাদের মধ্যে দৃশ্যমান কোনো দুর্বলতাও খুঁজে পাওয়া কঠিন।
গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে সোমবার ডালাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তিমত্তার প্রশংসা করে রাংনিক বলেন, বর্তমান দলটিকে বিশ্বের অন্যতম পরিপূর্ণ দল বলেই মনে হচ্ছে।
আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা নিয়ে প্রশ্নের জবাবে ৬৭ বছর বয়সী এই জার্মান কোচ বলেন, “দুর্বল দিক? কিছুই নেই। আমরা এখন পর্যন্ত এই আর্জেন্টিনা দলের কোনো দুর্বলতা খুঁজে পাইনি।”
লিওনেল স্কালোনির দলের স্কোয়াড গভীরতা, খেলোয়াড়দের গতি, টেকনিক্যাল দক্ষতা এবং বিভিন্ন কৌশলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন রাংনিক। যদিও স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি, তবু নিজের খেলোয়াড়দের তিনি সতর্ক করে দিয়েছেন শুধুমাত্র আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকার দিকে নজর না দিতে।
রাংনিক বলেন, “প্রতিটি পজিশনে তাদের বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। আমি আগেও বলেছি, আর্জেন্টিনা মানেই শুধু মেসি নয়।”
তবে প্রতিপক্ষকে যতই শক্তিশালী মনে হোক না কেন, ইতিবাচক ফলের আশা ছাড়ছেন না অস্ট্রিয়া কোচ। তার বিশ্বাস, নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে চমক দেখানো সম্ভব।
তিনি বলেন, “আমাদের কৌশলগতভাবে নিখুঁত এবং একই সঙ্গে সাহসী হতে হবে। এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে। কঠিন পরিস্থিতিতে খেলতে হবে ঠিকই, কিন্তু তাতে সবাইকে চমকে দেওয়ার সুযোগও থাকবে। ফলাফল ড্র হতে পারে, এমনকি জয়ও আসতে পারে। ফুটবলে সবকিছুই সম্ভব।”
বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় ডালাসে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় দুই দলই রয়েছে আত্মবিশ্বাসে টগবগ করে। ফলে এই লড়াইয়ে জয়ী দলই ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে।
দুই দলের পূর্ববর্তী তিন দেখায় একবার করে জয় পেয়েছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া, আর একটি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।