আনন্দবাংলা
আনন্দবাংলা
আপডেট : সোমবার ২২শে জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
কুয়ালালামপুর, মালয়েশিয়া, সোমবার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে দুই নেতা একান্ত আলোচনায় মিলিত হন, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
একান্ত বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের অংশগ্রহণে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দুই প্রধানমন্ত্রী।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। মধ্যাহ্নভোজ উপলক্ষে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মালয় ও বাংলা ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনেরও আয়োজন রাখা হয়েছে।