আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম।

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম।

ক্যাপশন নেই

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে কাজ করবে। এর মধ্যে আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে আলোচনাও অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি জানান। মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম দ্য স্টার এবং বার্নামার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ ও মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে কাজ করব।” তিনি আরও জানান, আসিয়ানের কাঠামোর মধ্য দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ জোরদার করা হবে।

বৈঠকে দ্বিপক্ষীয় বিনিয়োগ ও সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। আনোয়ার ইব্রাহিম বলেন, শুধু প্রচলিত খাতে নয়, বরং গবেষণা ও নতুন প্রযুক্তির ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণ করা প্রয়োজন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি এবং উন্নত উৎপাদন শিল্পকে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কৃষি খাত গুরুত্বপূর্ণ থাকলেও নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিকে নজর দেওয়া জরুরি।

এছাড়া, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা, সন্ত্রাসবাদবিরোধী গবেষণা এবং বিনিয়োগ সম্প্রসারণ সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক ও নোট বিনিময় কার্যক্রম স্বাক্ষর ও প্রত্যক্ষ করা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশি প্রতিনিধি দলের সফরকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের এ সফর দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী ও পেশাজীবীরা দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং জ্বালানি, অবকাঠামো, কৃষি প্রক্রিয়াকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সম্ভাবনার কথা তুলে ধরেন।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে উভয় নেতা একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকের আগে প্রতিনিধি দলটি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।